ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যে পৌঁছাতে তিনি হঠাৎ আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, হঠাৎ করেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। কোপা সুদামেরিকানায় কুয়েঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সান্তোসের কোচ কুকা বলেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমার অস্ত্রোপচার করান এবং সে কারণে তিনি অনুশীলনে অংশ নিতে পারেননি। অস্ত্রোপচারের পর সুস্থ হতে কয়েকদিন বিশ্রামেও ছিলেন।
ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার। প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক মাসের ব্যবধানে তিনি আবার অপারেশন করিয়েছেন, যেখানে প্লাটিলেট-সমৃদ্ধ প্লাজমা থেরাপির মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যু আবারও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।
আন্তর্জাতিক বিরতির সময়ই তিনি এই চিকিৎসা নেন। আসন্ন বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলে জায়গা নিশ্চিত করতে তিনি এখন বিশেষ পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করছেন।


